
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
আইনজীবী ইয়ারুল ইসলাম জানিয়েছেন, বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত শনিবার জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
এই পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন করা হলো।